শিরোনাম

বিয়ের বাজার নিয়ে ফেরার পথে মৃত্যু, ছেলের বিয়ের আগেই নিথর বাবা-মা

বিয়ের বাজার নিয়ে ফেরার পথে মৃত্যু, ছেলের বিয়ের আগেই নিথর বাবা-মা

ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পাবনার ঈশ্বরদীর এক দম্পতি। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্নাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের কেনাকাটা করতে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ারকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, আলহাজ্ব মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছেলের বিয়ের মাত্র এক দিন আগে বাবা-মায়ের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের বিয়েবাড়িতে এখন বিরাজ করছে শোকের আবহ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর