শিরোনাম

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের ভ্যানচালক পরিমল বর্মণ (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মণের স্ত্রী প্রতিমা বর্মণ (৩০) এবং প্রতিমার দুই সন্তান বিপাশা বর্মণ (৮) ও যাদব বর্মণ (৪)।

আহত হয়েছেন প্রতিমার জমজ সন্তান নম্রতা বর্মণ (৪) ও অপর যাত্রী শহিদুল ইসলাম (৪০)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালেরডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর