শিরোনাম
বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ বাস ও পিকআপ

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসসহ চারটি বাস ও একটি পিকআপে আগুন ধরিয়ে দিলে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজট ও উত্তেজনার সৃষ্টি হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে খুলনামুখী একটি ডিমবোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সেটি সরাতে স্থানীয় কয়েকজন সহযোগিতা করছিলেন। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের পাশে থাকা কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই কয়েকজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। পরে মহাসড়কে থাকা আরও তিনটি বাস ও একটি পিকআপেও আগুন দেওয়া হয়। আগুনে মোট চারটি বাস ও একটি পিকআপ পুড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও হতাহতের সঠিক তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর