শিরোনাম

মানিকগঞ্জে জুয়া খেলার অভিযোগে পুলিশ সদস্যসহ তিনজন আটক, জনতার মারধরে আহত কনস্টেবল

মানিকগঞ্জে জুয়া খেলার অভিযোগে পুলিশ সদস্যসহ তিনজন আটক, জনতার মারধরে আহত কনস্টেবল

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় জুয়া খেলার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় কর্মরত এক পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জনতার মারধরে আহত ওই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বাসুদেবপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছেন—এমন খবর পেয়ে স্থানীয়রা সেখানে যান। তাদের দাবি, ঘটনাস্থলে গিয়ে মানিকগঞ্জ সদর থানার গাড়িচালক কনস্টেবল তারেককে কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর সঙ্গে জুয়া খেলতে দেখা যায়। পরে তাকে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কনস্টেবল তারেকসহ মোট তিনজনকে আটক করা হয়। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ থেকে সাতজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কনস্টেবল তারেক মারধরের শিকার হন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত কনস্টেবল তারেকসহ আটক তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহত তারেককে হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে এবং এ বিষয়ে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুয়া খেলার অভিযোগটি স্থানীয়দের দাবি ও অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগটি প্রমাণিত নয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর