পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গণস্বাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষক নেতা সাইফুল ইসলাম সোহাগ ও মাজেদুল ইসলাম আকাশ, মহিলা দল নেত্রী মজিদা বেগম এবং এনজিও প্রতিনিধি আঞ্জুমান আক্তার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং একটি জ্ঞানভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা ও তাদের যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য এবং শিক্ষকদের অবদানের বিষয়টি তুলে ধরা হয়।