রংপুর ব্যুরো: রংপুর নগরীর পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় একটি বাড়িতে বালুবাহী ট্রাক ঢুকে সিনথিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা আশা বেগম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর খাসবাগ থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বাড়িতে ঢুকে উল্টে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে দুজনই আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সিনথিয়ার মৃত্যু হয়। আহত মা আশা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।