উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার সকাল ৯টার দিকে রাষ্ট্রদূত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।

সফরের অংশ হিসেবে তারা দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান। সেখানে সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী।
পরে তারা জিরো পয়েন্ট এলাকায় কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন। এ সময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তাঁর সহধর্মিণী।