শিরোনাম

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম

হঠাৎ সহিংসতা, বড় ধরনের জনসমাগম কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে আর অপেক্ষা নয়—ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার বিশেষ বাহিনী মোতায়েনের উদ্যোগ নিয়েছে রংপুর রেঞ্জ পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তাৎক্ষণিক ও সমন্বিত পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ, রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) এবং বিভাগের আট জেলায় গঠন করা হচ্ছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ কার্যালয়ের সম্মেলনকক্ষে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অনুষ্ঠিত সভায় বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জরুরি মুহূর্তে পুলিশের দ্রুত ও সমন্বিত সাড়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সহিংসতা কিংবা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইউনিটের আনুষ্ঠানিক ডাক বা নির্দেশের অপেক্ষা না করে কিউআরটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন।

সভায় রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগের আট জেলার পুলিশ সুপার এবং এটিইউ, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। রংপুরের বাইরে অবস্থানরত জেলা ইউনিটের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

পুলিশ সূত্র জানায়, কিউআরটি সদস্যরা সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় দায়িত্ব পালন করবেন। রংপুর মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো পরিচালিত হবে। এতে জরুরি পরিস্থিতিতে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে দ্রুত সমন্বয় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক জনবল মোতায়েনের সুযোগ তৈরি হবে।

কিউআরটি গঠনের লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত পুলিশ ইউনিটের সমন্বয়ে সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে পুলিশ সদর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের মতে, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বড় ধরনের জনসমাগম, সহিংসতা কিংবা অন্যান্য জরুরি ঘটনায় দ্রুততম সময়ে প্রশিক্ষিত ও সমন্বিত পুলিশি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিউআরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশের এ উদ্যোগ বাস্তবায়িত হলে জরুরি মুহূর্তে মাঠপর্যায়ে পুলিশের সক্ষমতা ও সমন্বয় আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর