শিরোনাম

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শহরের পলাশপোল এলাকার মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পূজাস্থলে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ধর্মীয় রীতিনীতি মেনে পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা ফুল, ফলসহ বিভিন্ন উপাচার নিবেদন করে প্রার্থনা করেন।

মনসা পূজাকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় আয়োজন হয়ে আসছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এ মেলায় আসতেন। নানা ধরনের পণ্যের দোকানের পাশাপাশি মেলাটি পরিণত হতো মানুষের মিলনমেলায়।

তবে ২০০২ সালের বোমা হামলার পর প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আয়োজন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মেলা আবার শুরু হলেও আগের সেই জৌলুস আর ফিরে আসেনি। গত বছর মনসা পূজা অনুষ্ঠিত হলেও মেলার আয়োজন হয়নি।

এদিকে মনসা পূজা অনুষ্ঠিত হলেও এবারও মেলা হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে অপেক্ষা রয়েছে। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আয়োজন আবারও চালু করা হোক।

তাদের মতে, গুড়পুকুর মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়; এটি সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মেলা চালু হলে পুরোনো ঐতিহ্য ফিরে আসার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনজীবনেও প্রাণচাঞ্চল্য ফিরবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর