শিরোনাম

সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা

সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা

প্রযুক্তি, রোবটিক্স ও উদ্ভাবনী চিন্তায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের উদ্ভাবনী রোবট ও প্রকল্প প্রদর্শন করে।

প্রতিযোগিতার Future Innovators ক্যাটাগরিতে মোট ৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। রোবটিক্স, প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে নানা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে তারা। শিক্ষার্থীদের তৈরি রোবট ও প্রকল্প প্রদর্শনী অতিথি, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম।

WRO-এর রংপুর রিজিওনাল ডিরেক্টর ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য ছাড়াও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন), উপাধ্যক্ষ (স্কুল) এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে ভেন্যু কো-অর্ডিনেটর হিসেবে সার্বিক সমন্বয় করেন প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের প্রভাষক মো. বায়েজীদ হোসেন। আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানের STEM Club-এর শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রংপুর বিভাগের শিক্ষার্থীদের সাফল্য

প্রতিযোগিতায় রংপুর বিভাগের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। Future Innovators (Senior) ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের দল ‘অডিসি এক্স’

Future Innovators (Junior) ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দল ‘ডিপ থিংকার্স’

এ ছাড়া সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘দ্য লেজি ইঞ্জিনিয়ার্স’ এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘জেনিথ রোবোটিকস’ দল ব্রোঞ্জপদক অর্জন করেছে।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের রোবটিক্স প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তব সমস্যাকে প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ ও সমাধানের সুযোগও তৈরি হয় এ ধরনের প্রতিযোগিতায়।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও রোবট প্রদর্শন, বিচারকদের মূল্যায়নসহ বিভিন্ন কার্যক্রমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর