শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১২ লাখ টাকার পণ্য আটক, ৩৫ স্মার্টফোন ও স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১২ লাখ টাকার পণ্য আটক, ৩৫ স্মার্টফোন ও স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজের আড়ালে স্বর্ণ, স্মার্টফোন ও বিভিন্ন পণ্য চোরাচালানের ঘটনায় নজরদারি জোরদার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ছোট ছোট চালানে এসব পণ্য আনার প্রবণতা বাড়ছে বলে ইঙ্গিত পেয়েছে সংস্থাটি।

গত ১২ নভেম্বর কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৩৫টি স্মার্টফোন, স্বর্ণের বার, সাবান, কসমেটিকস, ওষুধসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ পাওয়া যায়। আটক পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য শুল্ক-কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণ অনুযায়ী, ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। পৃথকভাবে এসব চালানের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে বড় অঙ্কের শুল্ক-কর ফাঁকির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

পরিবর্তিত কৌশলে চোরাচালান প্রতিরোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে। বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজের আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার অপচেষ্টা ঠেকাতে সংস্থাটি সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর