শিরোনাম

জাহাজ চালুর দাবিতে টেকনাফে মানববন্ধন, সংকটে পর্যটন ব্যবসায়ীরা

জাহাজ চালুর দাবিতে টেকনাফে মানববন্ধন, সংকটে পর্যটন ব্যবসায়ীরা

টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। নৌপথটি বন্ধ থাকায় পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে বলে দাবি করেছেন তাঁরা। এতে হোটেল-রেস্তোরাঁর মালিক থেকে শুরু করে শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া জেটিঘাটসংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটন ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁর মালিক ও কর্মচারী, দূরপাল্লার বাস মালিক-শ্রমিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় তাঁরা টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানান।

বক্তারা বলেন, পর্যটনের মৌসুম শুরু হলেও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় স্থানীয় পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছে। পর্যটক কমে যাওয়ায় অনেক হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এ খাতের ওপর নির্ভরশীল বহু শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছেন।

তাঁদের ভাষ্য, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ নৌপথের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন জাহাজ চলাচল বন্ধ থাকায় আয়-রোজগার কমে অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত টেকনাফের দমদমিয়া ঘাট থেকে জাহাজ চলাচল চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর