শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ ৩ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ ৩ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে ৫৯ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিকারপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।

এ সময় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. সানাউল্লাহ, মো. হারুন-অর-রশিদ ও মো. ইয়াসিন আলী।

বিজিবি অধিনায়ক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর