পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া এলাকায় ক্বারী মো. আব্দুর রউফ মুন্সি নামে এক ব্যবসায়ীকে পথরোধ করে মারধর, গাছের সঙ্গে বেঁধে রাখা এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে আব্দুর রউফের পথরোধ করে কয়েকজন। এ সময় তাঁকে মারধর করে ধারালো অস্ত্র, লোহার রডসহ দেশীয় অস্ত্রের ভয় দেখানো হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে নারীসংক্রান্ত অপপ্রচারের ভয় দেখিয়ে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
এ ঘটনায় মঙ্গলবার পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন আব্দুর রউফ। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রউফ বলেন, রাতে তাঁকে আটক করে মারধর করার পর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তাঁর অভিযোগ, একজন নারীকে সামনে এনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ‘তানভির মোহাম্মদ সাকিব’সহ বিভিন্ন ফেসবুক পেজে তাঁকে ব্ল্যাকমেইল ও সম্মানহানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আব্দুর রউফ বলেন, তিনি এ ঘটনায় মামলা করেছেন এবং ভুক্তভোগী হিসেবে সুষ্ঠু তদন্ত ও বিচার চান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।