নীলফামারীর ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে নগদ অর্থ ও বিভিন্ন দানসামগ্রী বিক্রির টাকা মিলিয়ে মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয়। পরে মুসল্লিদের সহযোগিতায় টাকা গণনা করা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানবাক্স থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া যায়। এছাড়া গত ছয় মাসে হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, সোনাসহ বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে পাওয়া যায় আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা।
সব মিলিয়ে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা বুধবার মসজিদের ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।
চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুসল্লিদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে দানবাক্সের টাকা গণনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমান বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে পরবর্তী সময়ে এ অর্থ ব্যবহার করা হবে।