রাঙামাটির রাজস্থলী উপজেলায় সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।
উদ্বোধনকালে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজারদের হাতে আধুনিক ট্যাব তুলে দেন ইউএনও। পরে তিনি সরেজমিনে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং এর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় ইউছুফ হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তথ্য সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে সংশ্লিষ্টদের নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে রাজস্থলীর সর্বস্তরের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, সংসদ সদস্যের প্রতিনিধি জিকু কুমার দে, বিএনপির সহদপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, মহিলা সদস্য সালমা আক্তার এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।