শিরোনাম

‘একদলীয়’ আখ্যা দিয়ে সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

‘একদলীয়’ আখ্যা দিয়ে সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের রায়ের আলোকে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নাশকতা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছে। যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে দলটি। পাশাপাশি সংস্কারকে ঐক্য প্রক্রিয়ার অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ জানানো হয়েছে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে এনসিপি।

তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শুরু হয়েছিল, তা এখনো অব্যাহত রয়েছে। এই লড়াই ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে। গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। একই সঙ্গে দেশে অর্থনৈতিক বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। তাই সংস্কার অত্যন্ত জরুরি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব—বিভিন্ন পক্ষই এর ভুক্তভোগী হয়েছেন।

পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান উদ্বেগগুলো তুলে ধরেছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সংসদেও তিনি এ আহ্বান জানিয়েছিলেন।

বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর