ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো মানুষ সরকারের গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা সদর দপ্তর নির্মাণের দাবি জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে উপজেলা সদর বাস্তবায়নের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা সরকারের গেজেট অনুযায়ী নির্ধারিত স্থানেই প্রশাসনিক কার্যক্রম শুরু এবং দ্রুত অবকাঠামো নির্মাণের দাবি জানান।
এদিকে একই দিন সকালে প্রস্তাবিত উপজেলা সদর দপ্তরের স্থান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ। তারা সংশ্লিষ্ট স্থান ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গেজেটভুক্ত হয়। স্থানীয়দের প্রত্যাশা, গেজেট অনুযায়ী দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার পরিধি আরও বিস্তৃত হবে।