শিরোনাম

বাগেরহাটে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাটে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাটের মোল্লাহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. নাইম মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মো. এমরানুর কবীরের নেতৃত্বে একটি দল সরকারি মাইক্রোবাসে বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে অভিযান চালায় দলটি। রাত ১১টা ১৫ মিনিটের দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় নাইম মোল্লাকে আটক করা সম্ভব হলেও দুজন মোটরসাইকেলে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন পালিয়ে যান।

পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে নাইমের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় পাঁচটি পলিপ্যাকে রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ ছাড়া তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ‘এস এ পরিবহন’-এর দুটি পার্সেল স্লিপ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার নাইম মোল্লা নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো. মোস্তাইন মোল্লার ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মোল্লাহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক দুজনকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশের দাবি। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর