নীলফামারী প্রতিনিধি: শীতের রাতে পথে শীতার্ত মানুষের দেখা পেলেই গাড়ি থামিয়ে তাঁদের হাতে ও গায়ে কম্বল তুলে দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। তাঁর এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে শীতার্ত পথচারী ও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণে বের হন ইউএনও। গাড়িভর্তি কম্বল নিয়ে একটি এতিমখানার উদ্দেশে যাওয়ার পথে পাঁচজন পথচারীকে হালকা কাপড়ে শীতে কাঁপতে দেখেন তিনি। পরে গাড়ি থামিয়ে নিজেই নেমে তাঁদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
হঠাৎ এমন মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৭ বছর বয়সী পথচারী ছকমল হোসেন। তিনি ইউএনওর জন্য দোয়া করে বলেন, “এই রকম ইউএনও যেন ঘরে ঘরে জন্ম নেয়।”
এরপর ইউএনও নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীবাজার আকবরিয়া এতিমখানা মাদ্রাসায় যান। সেখানে ৫৫ জন এতিম শিশুর হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নিতাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম এবং সমাজসেবক সুজাউল আলম সূজাসহ অনেকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শীত নিবারণে শীতার্ত মানুষের পাশে প্রশাসন সব সময় সামর্থ্য অনুযায়ী থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।