সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শ্যামনগর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ফেনসিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
জব্দ করা ফেনসিডিল ও ভারতীয় ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।