শিরোনাম

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশ গঠনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে বলে তাঁরা মনে করেন। এ আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর