শিরোনাম

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

রাজধানীর দক্ষিণ গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরেজমিনে অভিযানে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত গুদামে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর