লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় তিনটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা প্রাচীরের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো নিরাপদে রামগতি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এগুলো পরীক্ষা এবং নিষ্ক্রিয় করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটির নিচে রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পান তারা।

বস্তুগুলো দেখে আতঙ্কিত শ্রমিকরা প্রথমে সেগুলোর ছবি তুলে পুনরায় মাটিচাপা দিয়ে রাখেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে এলাকা লাল টেপ দিয়ে ঘিরে সতর্কতার সঙ্গে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া তিনটি মর্টার শেল থানায় নিরাপদে রাখা হয়েছে। জেলা পুলিশের নির্দেশনায় বোমা নিষ্ক্রিয়কারী দল এগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো কত পুরোনো এবং সেগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না, তা বিশেষজ্ঞদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।