শিরোনাম

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ

বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদস্যদের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

সরেজমিনে দেখা যায়, আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার কারণে আদালত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, এ ঘটনার পেছনে অগণতান্ত্রিক কোনো শক্তি থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন অভিযোগ করেন, ‘ফ্যাসিস্টের দোসররা’ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তাঁর এ বক্তব্যের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবিরও ঘটনাটিকে নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে দাবি করেন। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর সফরকে সামনে রেখে কোনো মহল শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, “সিআইডির টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”

এদিকে বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি কী ছিল এবং কারা এটি সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর