শিরোনাম
কেরোসিনভর্তি বোতল দিয়ে নাশকতার অভিযোগ

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরের মোগলাবাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। কেরোসিনভর্তি বোতল ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের মোগলাবাজার কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন বড় আকারে ছড়িয়ে পড়তে পারেনি।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

পুলিশ জানিয়েছে, কেরোসিন ভর্তি বোতল ব্যবহার করে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এলাকায় আতঙ্ক ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সিলেট নগরের উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর একই প্রতিষ্ঠানের দুটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সর্বশেষ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর