শিরোনাম

চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক

চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক

চাঁদপুর শহরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

পিন্টু দাস চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামের একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহরের কালীবাড়ি মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাসা ও দোকান এক সপ্তাহের বেশি সময় ধরে তালাবদ্ধ ছিল।

পিন্টুর বিরুদ্ধে বন্ধকি স্বর্ণালংকার ও বিভিন্নজনের কাছ থেকে নেওয়া টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর তিনি সপরিবার আত্মগোপনে যান বলে অভিযোগ করেন পাওনাদাররা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অনুসন্ধান শুরু করে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পিন্টু দাসকে আটকের পর চাঁদপুর মডেল থানার একটি দল তাঁকে নিয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালাম গাজী বলেন, পিন্টু দাস নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর বাসার মালিক রাসেল খান গত ২২ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কয়েকটি দল অনুসন্ধানে নামে। চাঁদপুর ও কুমিল্লায় তাঁর স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়ার পর শুক্রবার ভোরে পটিয়ার দলঘাট দাসপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। তাঁকে পালিয়ে যেতে সহায়তাকারী এক ট্রাকচালকের মাধ্যমে পুলিশ তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পায়।

তিনি আরও বলেন, পিন্টু দাসের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। কোনো পাওনাদার মামলা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকের পর পিন্টু দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পাওনাদারদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর