শিরোনাম
এসপি রেজাউল করিমের পোস্ট ঘিরে আলোচনা

তেলবাজদের জন্যই পুলিশ ডিপার্টমেন্ট ফিট

তেলবাজদের জন্যই পুলিশ ডিপার্টমেন্ট ফিট

 খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি পুলিশের এসপি (সুপারনিউমারারি) পদমর্যাদার কর্মকর্তা। তাঁর একটি পোস্টকে ঘিরে পুলিশ বিভাগের অভ্যন্তরে আলোচনা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রেজাউল করিম লিখেছেন, ‘পুলিশ ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট, আমার বোধ হয় চাকরি করা হলো না।’ আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’

জানা গেছে, রেজাউল করিম তিন বছরের বেশি সময় সিটি স্পেশাল ব্রাঞ্চে (সিটি এসবি) পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাঁকে সিটি এসবি থেকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হলে বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

তবে সিটি এসবিতে দায়িত্ব পালনকালে তাঁর ভূমিকা নিয়েও নানা অভিযোগের কথা জানিয়েছেন তাঁর অধীনস্থ একাধিক কর্মকর্তা। তাঁদের অভিযোগ, সেবাপ্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি এবং নিয়মবহির্ভূতভাবে অধীনস্থ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, কোনো তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করার পরও বিভিন্ন বিষয়ে তাঁকে নানা ধরনের কটূক্তি, অশালীন মন্তব্য ও বিরক্তিকর মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার পর একই বিষয়ে আবারও তদন্তের নির্দেশ দেওয়া হতো বলেও অভিযোগ করেছেন তাঁরা।

অভিযোগকারীদের দাবি, এ ধরনের সিদ্ধান্তের ফলে একদিকে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত হয়েছে, অন্যদিকে সেবাপ্রার্থীদের ভোগান্তিও বেড়েছে। বিশেষ করে সংবাদপত্র ও গণমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সিটি এসবির তদন্তে দীর্ঘসূত্রতা এবং তদন্ত কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগও রয়েছে বলে তাঁরা দাবি করেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর