অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা ও বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁকে ফুলেল সংবর্ধনা জানান।
সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন তিনি।
সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান।