শিরোনাম

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাব্বিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর