শিরোনাম

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের এ রায়ের ফলে শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকল। অন্যদিকে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার স্ত্রী স্বপ্নার সহযোগিতার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে দুই আসামি আপিল করেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয়।

সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ উভয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের খালাসের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি আবাসিক ভবনে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করত শিশুটি। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

অভিযোগ ও তদন্তে উঠে আসে, সোহেল রানা শিশুটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা ধামাচাপা দিতে তাকে গলা কেটে হত্যা করেন। এরপর মরদেহ বিকৃত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ২১ মে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।

দ্রুততম বিচারিক প্রক্রিয়া

মামলাটির তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর ৭ জুন বিচারিক আদালত উভয় আসামিকে মৃত্যুদণ্ড দেন।

হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায় ঘোষণার পর মামলাটি দেশজুড়ে আলোচনায় আসে। এবার হাইকোর্টের রায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না খাতুন খালাস পেয়েছেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর