আন্তঃজেলা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঠাকুরগাঁও থেকে উত্তরবঙ্গের প্রায় সব রুটে ১৬ দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, টানা কর্মহীন থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শত শত মোটর শ্রমিক।
সরেজমিনে ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের মেইল ও লোকাল বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আগে যাত্রীরা সরাসরি টার্মিনাল থেকে গন্তব্যের বাসে উঠতে পারলেও বর্তমানে অটোরিকশা বা ভ্যানে করে অন্তত ১৫ কিলোমিটার দূরে গিয়ে বাস ধরতে হচ্ছে। এতে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে পথে পথে নানা হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু, কর্মজীবী এবং জরুরি চিকিৎসার জন্য যাতায়াতকারী অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, দিনাজপুর ও রংপুর রুটে প্রতিদিন ৩৫টি মেইল এবং ৩০টি লোকাল বাস চলাচল করে। সম্প্রতি রংপুর মোটর মালিক সমিতি নতুন করে আরও সাতটি বাস চালানোর অনুমতি চায়। এর প্রেক্ষিতে ঠাকুরগাঁও মোটর মালিক সমিতি চারটি বাসের অনুমতি দিলেও বাকি তিনটি বাসের বিষয়ে আপত্তি জানায়। মূলত এই নিয়েই দুই জেলার মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যা পরবর্তীতে বাস চলাচল বন্ধ ও অবরোধের মতো পরিস্থিতিতে রূপ নেয়।
নিয়মিত ব্যবসায়িক কাজে দিনাজপুর ও রংপুরে যাতায়াতকারী যাত্রী সুজন বলেন, গত ১৬ দিন ধরে ভেঙে ভেঙে যাতায়াত করতে গিয়ে আমার প্রচুর সময় ও বাড়তি টাকা নষ্ট হচ্ছে।
আরেক ভুক্তভোগী মর্জিনা আক্তার জানান, অসুস্থ মেয়ের চোখের চিকিৎসার জন্য দিনাজপুরে গিয়ে ফেরার পথে যানবাহন সংকটে তাঁকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।
এ বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জেলার গাড়ি অন্য জেলায় ঢুকতে না দিলে আমরাও তাদের গাড়ি ঢুকতে দেব না। ছোট জেলা বলেই বারবার আমাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার শ্রমিকরা ১৬ দিন ধরে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রুত এই অচলাবস্থা নিরসন করা প্রয়োজন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
মালিকপক্ষের এই রেষারেষির অবসান ঘটিয়ে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও শ্রমিকরা।