শিরোনাম

নীলফামারীতে গোয়ালঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরি

নীলফামারীতে গোয়ালঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরি

সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি: নীলফামালীর ডোমারে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ডোমার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিক জাকারিয়া হোসেন। তিনি ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় চোরের দল গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায়।

জাকারিয়া হোসেন বলেন, কয়েক দিন ধরে গরুগুলো বিক্রির জন্য যত্ন করে লালন-পালন করছিলেন। শেষ সম্বলটুকু দিয়ে তিনি গরুগুলো কিনেছিলেন। চারটি গরুই বিদেশি জাতের। এগুলোর দাম ৪ লাখ টাকার বেশি। তিনি আরও বলেন, ২০ থেকে ২৫ দিন আগেও চোরেরা গোয়ালঘরের তালা কেটেছিল। তবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা দরজা খুলে পালিয়ে যায়।

জাকারিয়ার স্ত্রী সাথী বেগম বলেন, তাঁদের এলাকায় তাঁদের গরুগুলোর মতো বড় গরু আর কারও নেই। প্রতিদিন গরুগুলো থেকে ৭ লিটারের বেশি দুধ পাওয়া যেত। সেই দুধ বিক্রির টাকা দিয়ে সংসারের খরচসহ অন্যান্য প্রয়োজন মেটানো হতো। এখন সংসারের ব্যয় ও সন্তানদের পড়াশোনার খরচ কীভাবে জোগাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর