বরিশাল নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে পুলক চ্যাটার্জি নামে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অফিসের ভেতরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান।
সমকালের বরিশাল অফিসপ্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি দীর্ঘদিন ধরে সমকালে কর্মরত ছিলেন না। তবে অফিসের একটি চাবি তার কাছে থাকত। তিনি মাঝে মধ্যে অফিসে এসে পত্রিকা পড়তেন। শুক্রবার সন্ধ্যায় অফিসের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই দীপক চ্যাটার্জি বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে পুলক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।