শিরোনাম

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো এলএনজি

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো এলএনজি

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে চলতি আগস্ট মাসে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এসব চালানে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বাসসকে বলেন, আগস্ট মাসে মোট নয় কার্গো এলএনজি আমদানির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে চার কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকি পাঁচ কার্গো চলতি মাসেই দেশে আসবে।

তিনি জানান, প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। ফলে আগস্টে আমদানি হতে যাওয়া নয় কার্গোতে মোট প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকবে।

পেট্রোবাংলা সূত্র জানায়, আগস্টের জন্য দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় পাঁচটি এবং স্পট মার্কেট থেকে তিনটি কার্গো কেনা হয়েছে। বাকি চালানগুলো আগামী ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়। এসব চালানে এলএনজির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করছে।

সরকার প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিয়ে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর