শিরোনাম

ফকিরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা

ফকিরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা

বাগেরহাটের ফকিরহাটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার সম্মিলিত মেধা তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়। দক্ষিণ কোরিয়া প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলমের সৌজন্যে এ প্রণোদনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফকিরহাট উপজেলার সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বৈশাখী খাতুন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিৎ দেবনাথ ও লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষার্থী জয়ীতা দাম দিশার হাতে সম্মাননা ও আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান আল মুস্তাসীম বিল্লাহ সজল। সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া সমাজের দায়িত্ব। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের অর্জনকে সম্মানিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবনে পিছিয়ে না পড়ে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রবাসী সমাজকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমি শিক্ষার প্রসার, সাংস্কৃতিক চর্চা এবং তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে খান আল মুস্তাসীম বিল্লাহ সজল বলেন, ফকিরহাটের কৃতি শিক্ষার্থীদের সাফল্য পুরো এলাকার জন্য গর্বের। তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিয়ে উৎসাহিত করা সংগঠনের অন্যতম দায়িত্ব।

সংগঠনের সহ-সভাপতি শেখ মীজানুর রহমান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক প্রণোদনা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির ক্রীড়া সম্পাদক মল্লিক আবু মুছা, সাংগঠনিক সম্পাদক শিবনাথ রায়, অর্থ সম্পাদক মুছা কালিমুল্লাহ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক রেজীনা আক্তার, প্রচার সম্পাদক মান্না দে, আইনবিষয়ক সম্পাদক সৈয়দ আলী, সমাজকল্যাণ সম্পাদক শেখ আল ইমরান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রামীম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিমি রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইনামুল হক সবুজ, সাংস্কৃতিক সম্পাদক সমীরণ রায় এবং মহিলা বিষয়ক সম্পাদক বাসন্তী রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। কণ্ঠস্বর সাংস্কৃতিক একাডেমির এ উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত ব্যক্তিরা স্বাগত জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর