দীর্ঘদিনের অবহেলা ও ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়া জামালপুর পৌর কবরস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন জেলা যুবদলের সদস্যসচিব ও জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান। ব্যক্তিগত অর্থায়নে নেওয়া এ উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ঝোপঝাড় অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের কাজ করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) কবরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় সোহেল রানা খান বলেন, জামালপুর পৌরসভার একমাত্র পৌর কবরস্থানটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। এতে স্বজনদের কবর জিয়ারত করতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কবরস্থানের পবিত্রতা ও পরিবেশ রক্ষা সবার দায়িত্ব। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে মশার বংশবিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি তৈরি হতে পারে। এসব বিবেচনায় ব্যক্তিগত উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন তিনি।
তিনি আরও বলেন, যত দিন প্রয়োজন হবে, তত দিন নিজের অর্থায়নে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালিয়ে যাবেন।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে আয়োজিত মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে সোহেল রানা খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে কবরস্থানের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ঝোপঝাড় অপসারণে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি অপরিচ্ছন্ন থাকায় স্বজনদের কবর জিয়ারত করতে আসা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ উদ্যোগে কবরস্থানের পরিবেশ উন্নত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।