নারায়ণগঞ্জে রাতভর পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যসহ ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সাত থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাতজন, মাদক ব্যবসায়ী ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী চারজন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে দুজন রয়েছেন।
থানা অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন, মাদকসেবী ১৯ জন, নিয়মিত মামলার আসামি একজন, ওয়ারেন্টভুক্ত দুজন ও অন্যান্য ধারায় একজন রয়েছেন।
ফতুল্লা মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত চারজন ও নিয়মিত মামলার দুজনসহ মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসেবী ১৮ জন ও ওয়ারেন্টভুক্ত দুজনসহ ২০ জন, বন্দর থানায় মাদক ব্যবসায়ী সাতজন, মাদকসেবী নয়জন, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন ও অন্যান্য আইনে একজনসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদক ব্যবসায়ী ছয়জন, মাদকসেবী আটজন, ওয়ারেন্টভুক্ত একজন ও ছিনতাইকারী চারজনসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় মাদক ব্যবসায়ী তিনজন, মাদকসেবী চারজন ও নিয়মিত মামলার তিনজনসহ ১০ জন এবং আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, মাদকসেবী তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন ও নিয়মিত মামলার তিনজনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।