শিরোনাম

যশোরে এমপির বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

যশোরে এমপির বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে মারপিটের অভিযোগ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও মাদরাসার অভিভাবকরা। সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশু শিক্ষার্থীকে সোমবার মারধর ও ভয়ভীতি দেখান এমপির মেয়ে অনন্যা। মঙ্গলবার সকালে তিনি আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় এক শিক্ষার্থীর অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় তিন ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদরাসার শিশু ও অভিভাবকদের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গোলাম রসুল বা তার মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর