নেত্রকোনায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।