শিরোনাম

নীলফামারীতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

নীলফামারীতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

নীলফামারীতে চলতি বছরের প্রথম আট মাসে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ১৮টি ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)।

এসব ঘটনার প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কেন্দ্রীয় শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এইচআরসিবিএমের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কো-অর্ডিনেটর আশীষ কুমার অঞ্জন, কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড, কক্সবাজারের কো-অর্ডিনেটর রানা প্রতাপ দে ও সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফোরামের আহ্বায়ক বাবু জুয়েল রায়সহ অন্যরা।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট লাকী বাছাড দাবি করেন, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে নীলফামারী জেলায় ব্যক্তিগত নিরাপত্তাহীনতা, হুমকি, নারী ও শিশুর নিরাপত্তা, সম্পত্তি নিয়ে বিরোধ, মন্দির ও ধর্মীয় স্থাপনা-সংক্রান্ত সমস্যা, চুরি, হামলা ও অন্যান্য সহিংসতাসহ ১৮টি ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এসব ঘটনার মধ্যে শুধু জলঢাকা উপজেলাতেই আটটি ঘটনা ঘটেছে বলে তাঁদের সংগঠনের কাছে তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব ঘটনার নিরপেক্ষ ও জরুরি তদন্তে একটি জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানানো হয়। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ভুক্তভোগীদের সুরক্ষা, পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

এ ছাড়া ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ‘ট্রানজিশনাল জাস্টিস’ বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর