দিনাজপুরের পার্বতীপুরে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানন বালা বিশ্বাস (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানন বালা বিশ্বাস ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের এলাকায় ঘাস কাটতে যান কানন বালা। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের তার জমিতে পড়ে থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা এলাকায় ঝুঁকিপূর্ণ ও পড়ে থাকা বিদ্যুতের তার দ্রুত সরিয়ে নেওয়া এবং বিদ্যুৎলাইন মেরামতের দাবি জানিয়েছেন।
কানন বালা বিশ্বাসের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।