শিরোনাম

রংপুরে রিকশা গ্যারেজ মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার, ক্যাশবক্সের টাকা লুট

রংপুরে রিকশা গ্যারেজ মালিকের গলাকাটা মরদেহ উদ্ধার, ক্যাশবক্সের টাকা লুট

রংপুর নগরীর তাজহাটে আব্দুর রহমান (৬৫) নামে এক রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে গ্যারেজের ক্যাশবক্স থেকে টাকা লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর তাজহাট আনছারির মোড় এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান ওই গ্যারেজের মালিক ছিলেন। গ্যারেজের পাশের একটি বাসায় তিনি একাই বসবাস করতেন। তাঁর এক মেয়ে ও তিন ছেলে থাকলেও তারা অন্যত্র থাকেন। বুধবার রাতের কোনো একসময় গ্যারেজের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

স্থানীয়রা জানান, সকালে গ্যারেজের শাটার বন্ধ এবং বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলাকাটা মরদেহ দেখতে পায়।

পুলিশের প্রাথমিক ধারণা, টাকা লুটের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে গ্যারেজে থাকা কোনো রিকশা চুরি হয়নি।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহে ঘটনাস্থলে কাজ করেছে সিআইডির ক্রাইম সিন টিম, পিবিআই ও মহানগর পুলিশের সদস্যরা। তারা রক্তমাখা স্থানসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর