শিরোনাম

বৈঠার তালে ছুটল নৌকা, সন্ধ্যা নদীর তীরে হাজারো দর্শকের উল্লাস

বৈঠার তালে ছুটল নৌকা, সন্ধ্যা নদীর তীরে হাজারো দর্শকের উল্লাস

বৈঠার ছন্দ, মাঝিদের জয়ধ্বনি আর কাঁসির শব্দে মুখর হয়ে উঠেছিল বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী। নদীর দুই তীরে হাজারো দর্শকের উল্লাস আর ছোট নৌকা-ট্রলারে মানুষের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে শনিবার বিকেলে নদীর পাড়ে জড়ো হন নানা বয়সী নারী-পুরুষ ও শিশু।

দ্বিতীয়বারের মতো শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার শিকারপুর এলাকার সন্ধ্যা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিকেল ৪টায় শিকারপুর বন্দর এলাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

প্রতিযোগিতায় বিভিন্ন নামের আটটি বড় নৌকা অংশ নেয়। উদ্বোধনের পর বৈঠার ছন্দে ও মাঝিদের সম্মিলিত জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে নদী। প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতাটি মেজর এম এ জলিল সেতু (ইচলাদী সেতু) এলাকায় গিয়ে শেষ হয়।

নৌকা বাইচ ঘিরে নদীর দুই তীরে হাজারো দর্শকের সমাগম ঘটে। অনেকে ছোট নৌকা ও ট্রলার ভাড়া করে নদীতে অবস্থান নিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। রঙিন পোশাকে সজ্জিত মাঝিরা গান, কাঁসি ও জয়ধ্বনির তালে বৈঠা চালিয়ে নিজেদের নৌকাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। পুরো উজিরপুরজুড়েই ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলসহ অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজনের পরিকল্পনাকারী ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, “এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।”

তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সুস্থধারার এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিবছর এ আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে। আশা করছি, অন্য এলাকার মানুষও এ আয়োজন দেখে অনুপ্রাণিত হবেন।”

উজিরপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ শেষে মেজর এম এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদের সভাপতিত্বে এবং ইউএনও মো. আলী সুজার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসি এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর