শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও বারুদসদৃশ পদার্থ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ১০ ককটেল ও বারুদসদৃশ পদার্থ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও বিপুল পরিমাণ বারুদসদৃশ পদার্থ উদ্ধার করেছে র‌্যাব-৫। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের (সিপিসি-১) একটি দল বুধবার রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।

র‌্যাব সূত্রে জানা যায়, ওই আমবাগানে বিস্ফোরক মজুত করে রাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বোম্ব ডিজপোজাল ইউনিটের সহায়তায় আমবাগানের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে ২ কেজি ৮০০ গ্রাম গান পাউডারসদৃশ গুঁড়া পদার্থ এবং ২ কেজি ১৫০ গ্রাম কালো বারুদসদৃশ পাউডার উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ধারণা, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক গোপনে সেখানে মজুত করে রাখতে পারে। তবে এসব বিস্ফোরক কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

অভিযানকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা ককটেল ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর