রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি সেখানে হামলা চালানোর পর স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার পর একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়। ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।
জামায়াত আমির তাঁর পোস্টে প্রশ্ন করেন, ‘রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’
তিনি দাবি করেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা অস্পষ্ট নয় এবং এর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এ ধরনের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান ডা. শফিকুর রহমান।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, এ ধরনের ঘটনা সরকার বা সিটি করপোরেশন চায় না। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।