সাতক্ষীরায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত চার দিনে জেলায় নতুন করে ৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৪১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য সাতজনকে অন্যত্র পাঠানো হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন যথাক্রমে ১৫, ১৩, ২৩ ও ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা সদর হাসপাতালে সাতজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনসহ বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে বাড়তি প্রস্তুতির প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক।
এদিকে, গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ বাড়ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।