বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। সভাটি সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন।
সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার মর্যাদা ও শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের যথাযথ সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় আরও বক্তব্য দেন সেতারা-আব্বোস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা মেয়ারাজুল ইসলাম খসরু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন, ইবতেদায়ি বিভাগের আদর্শ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুন অর রশিদ এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম।