প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীতে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে করে ডিম পাহাড় হয়ে তিন্দুতে পৌঁছায়। পরে তারা লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে নৌকাযোগে রওনা দিলে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এক পর্যটক নিখোঁজ হন।
প্রশাসন জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ থাকবে।