শিক্ষাক্ষেত্রে অবদান রাখা নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতী সন্তান ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম স্মরণসভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী হেলাল উদ্দিন ভূঞা। থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিএম ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক এম. শরীফ ভূঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও মেরিন অফিসার খালেদ আবু জোবায়ের, এফবিএম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা দেলোয়ার হোসেন মুন্না, সহকারী শিক্ষক ফাহমিদা আক্তার এবং সাংবাদিক আবদুল আজিজ সায়েম।
বক্তারা মরহুম মোহাম্মদ ফারুক ভূঞার দীর্ঘ কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও মানবিক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর আদর্শ, নীতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
স্মরণসভা শেষে মরহুম প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক ভূঞার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন সুফ্ফা গার্লস মাদ্রাসার প্রধান মাওলানা আশরাফ আলী।
পরে অনুষ্ঠানের সমাপনী পর্বে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।